রাজধানীর ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে শুরু হয়েছে দশম হার-ই-ট্রেড এক্সিবিশন ‘শারদীয় আবাহন’। হার-ই-ট্রেড ট্রাস্টের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।
শুক্রবার (২ অক্টোবর) প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন এলাকার ৬২ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে ফ্যাশনপণ্য, হস্তশিল্প, খাবারসহ নানা ধরনের দেশীয় লাইফস্টাইল পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো, পণ্যের বাজার সম্প্রসারণ এবং ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীতে অংশ নেওয়া নারী উদ্যোক্তা অন্তরা সেন পিংকি বলেন, দেশের নারী উদ্যোক্তারা অত্যন্ত সৃজনশীল। নিজেদের মেধা ও প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তারা ব্যবসা পরিচালনা করছেন। সবাই এগিয়ে এলে দেশের নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
শুক্রবার রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী খোলা থাকবে। শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্তও প্রদর্শনীতে প্রবেশ করা যাবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত