বরিশালের বাবুগঞ্জে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ওই শিক্ষিকার হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরে তাকে বরিশাল-ঢাকা মহাসড়কের শিকারপুর সেতুর ঢালে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।
মিতু আক্তার জানান, পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। সকাল ৮টার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রী ছিলেন।
কিছু দূর যাওয়ার পর ওই যাত্রীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করেন বলে অভিযোগ করেন মিতু। একপর্যায়ে তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলা হয়। পরে গলায় থাকা সোনার চেইন, হাতের আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা।
এরপর অটোরিকশাটি ঘুরিয়ে শিকারপুর মেজর এম এ জলিল সেতুর ঢালে একটি মাদ্রাসার কাছে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশার সন্ধান পাওয়া গেছে।
ওসি জানান, ওই অটোরিকশার সূত্র ধরে ছিনতাইকারী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত