ঝালকাঠির রাজাপুরে মো. আরাফাত (৬) নামে এক শিশুকে মারধরের পর খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মো. লতিফ মাতুব্বর (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ ঘটনায় শিশুটির বাবা মো. রুবেল হোসেন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর এলাকায় ১১০ নম্বর উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাটাখালি খালে এ ঘটনা ঘটে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আরাফাতসহ স্থানীয় কয়েকজন শিশু কাটাখালি খালে গোসল ও সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন। অন্য শিশুরা উঠে গেলেও আরাফাত খাল থেকে না ওঠায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আরাফাতকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় ফেরিওয়ালা মো. দুলাল প্রামাণিক ঘটনাটি দেখতে পান। পরে সঙ্গে থাকা মাইক দিয়ে শিশুটিকে পানি থেকে তুলে নিতে লতিফকে বলেন এবং স্থানীয়দের ঘটনাস্থলে আসার আহ্বান জানান।
এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।
শিশুটির বাবা মো. রুবেল হোসেন অভিযোগ করেন, ঘটনার পর লতিফ মাতুব্বর তাদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে লতিফ মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে স্থানীয়ভাবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।’
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত