আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম পাচ্ছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিএনপি সরকার কোনো অন্যায়কে ছাড় দেবে না এবং যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সমাজ থেকে মাদক দূর করার বিষয়ে সরকার কাজ করছে। শিক্ষার্থী ও তরুণেরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং কোনোভাবেই মাদকে জড়িয়ে না পড়ে, সে জন্য খেলাধুলাসহ নানা সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।
তিনি জানান, কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সম্মিলিত উদ্যোগে পরিস্থিতির উন্নতি ঘটাতে চান বলে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবার অবস্থান থাকতে হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবনে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বলেও তিনি উল্লেখ করেন।
তাঁর দাবি, মাদক দেশে উৎপাদিত হয় না; পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এসব ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা চলছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে, যাতে কেউ মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়াতে না পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নিজস্বভাবেও খোঁজখবর নিচ্ছে এবং মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার ওসিরা।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত