শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবার পাঠ্যক্রমে নতুন কোর্স যুক্ত করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিটি বিভাগের কারিকুলামে ৩ ক্রেডিট ও ১০০ নম্বরের একটি ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স অন্তর্ভুক্ত করা হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন ২০২৬ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নতুন এ কোর্সের বিষয়ে জানান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সংস্থা একাডেমিক কাউন্সিল প্রতিটি ডিসিপ্লিনে এ কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, প্রযুক্তির এই যুগে চিন্তাভাবনা ও ধ্যান-ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় বিষয় পাঠ্যক্রমে যুক্ত করা না গেলে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
উপাচার্যের ভাষ্য, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ তৈরি এবং যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে যুক্ত করাই এ কোর্স চালুর মূল লক্ষ্য। এর ফলে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে উঠবে এবং উভয় পক্ষের চাহিদা পূরণে সহযোগিতা বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত শিল্প মালিক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, গবেষণা, একাডেমিক ও এনগেজমেন্টের ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে বিশ্ববিদ্যালয় প্রস্তুত। শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশের উদাহরণ টেনে উপাচার্য বলেন, সেখানে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে গড়ে ওঠা সংযোগ উভয়ের জন্যই লাভজনক। একদিকে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার, অন্যদিকে ক্যারিয়ার থেকে ক্যাম্পাস—এই ধারণাকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয় কর্মপন্থা ঠিক করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এতে টেলিটক, ব্র্যাক, গ্রামীণফোন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিকাশ, প্রাণ-আরএফএল গ্রুপ, ডিবিসি নিউজ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সিঙ্গার, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টিপি-লিংক বাংলাদেশ, আকিজ রিসোর্স, গোল্ডেন জুট, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, টেকনোডেরা, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ ও বিআরবি কুষ্টিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত