রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) চন্দ্রিমা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ দায়েরের জন্য ভুক্তভোগী ছাত্রীকে প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক যুবকের নাম খন্দকার সালমান হাসান মিম। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। অভিযোগকারী ছাত্রী রাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রেই ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয়। দুই দিন আগে সালমান রাজশাহীতে আসেন।
ছাত্রীর অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে মুঠোফোনে কল করে সালমান তাঁকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। পরিচয় জানতে চাইলে এ প্রস্তাব দেওয়া হয় বলে তিনি দাবি করেন। বিষয়টি তিনি বন্ধু ও পরিচিতদের জানান। পরে ওই ছাত্রী ফোন করে কৌশলে সালমানকে ক্যাম্পাসে আসতে বলেন।
রাত দেড়টার দিকে সালমান ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাঁকে আটক করেন। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ছাত্রী বলেন, ‘পরে জানতে পারি, সালমান আমার সাবেক রুমমেটের সাবেক প্রেমিক।’ তিনি এ ঘটনার বিচার চান।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সালমান দাবি করেন, তিনি এমন কোনো প্রস্তাব দেননি। তাঁর মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল, তাই দেখা করতে চেয়েছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত