দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোকছেদুল ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় রিকশাভ্যান চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) বিকেলে চার্জার রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মোকছেদুলকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার চার্জার রিকশাভ্যানটি নিয়ে গেছে। ভ্যানটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত