সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত বাংলাদেশি আল আমিন তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। প্রবাসে কর্মরত অবস্থায় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। বাগড়া গ্রামেও সৃষ্টি হয়েছে শোকের পরিবেশ।
সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে চান স্বজনরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত