চাঁদপুরের মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে রুহুল আমিনের দোতলা ফার্নিচারের দোকান, ধীরেন চন্দ্র দাসের ফার্মেসি, অরুন ডাক্তারের ফার্মেসি এবং রবীন্দ্র চন্দ্র দাস, অসীম রায় ও বংশী চন্দ্র দাসের খালি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে রুহুল আমিনের ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে তারা প্রথমে নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট রাত ১টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফার্নিচার দোকানের মালিক রুহুল আমিন দাবি করেন, তার দোকানে থাকা নগদ ১ লাখ ৬২ হাজার টাকা, প্রায় ২০ লাখ টাকার যন্ত্রাংশ এবং ৭২ লাখ টাকার কাঠ ও ফার্নিচারসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া অন্য চার দোকানে আনুমানিক আরও ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. কফিল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত