মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের রাস্তার পাশের খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শামসুন্নাহার উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের লিয়াকত খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিরাজদীখান বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে স্বজনরা থানায় বিষয়টি জানান।
পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, সোমবার বিকেল থেকেই তারা মাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। সন্ধ্যায়ও সন্ধান না পাওয়ায় থানায় বিষয়টি জানানো হয়। তাদের সঙ্গে কারও বিরোধ বা শত্রুতা নেই বলেও জানান তিনি। তার মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল বলে জানান হাবিবুর।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত