ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, তাকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করা এবং ধর্মীয় পোশাকের কারণে পেছনের সারিতে বসতে বলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে তার ধর্মীয় পোশাকের কারণে অপমান করা হলে তা শুধু ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়, বরং ধর্মীয় অনুভূতির ওপরও আঘাত হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে নিকাব, হিজাব বা ইসলামী পোশাককে বিদ্রূপ করা গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তি একজন শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ কিংবা ‘ফান্ডামেন্টালিস্ট’ হিসেবে চিহ্নিত করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা জালালুদ্দীন আহমদের অভিযোগ, ইসলামী পোশাককে পশ্চাৎপদতা, মৌলবাদ বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার প্রবণতা বৈষম্যমূলক মানসিকতার প্রকাশ। ধর্মীয় পোশাকের ক্ষেত্রে এক ধরনের এবং অন্য পোশাকের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড প্রয়োগ করাও ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।
তিনি দ্রুত তদন্ত শেষ করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষক বা ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শুধু কোর্স পরিবর্তন বা সাময়িক প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে তদন্ত চলাকালে অভিযোগকারী শিক্ষার্থী যাতে কোনো ধরনের একাডেমিক বা প্রশাসনিক হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ধর্মীয় পোশাক পরা বা ধর্মীয় পরিচয় বহন করা কোনো অপরাধের প্রমাণ নয়।
তবে অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের তদন্ত বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত