নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২০ জনের মধ্যে মাদক মামলায় তিনজন, মাদকসেবী হিসেবে নয়জন, ওয়ারেন্টভুক্ত তিনজন, হত্যা মামলায় একজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন, চুরি মামলায় একজন এবং ডাকাতি মামলায় দুজন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—নয়াপুর এলাকার মো. আব্দুল্লাহ (১৮), মো. ওয়াকিল (১৮) এবং বাড়ী চিনিস এলাকার মো. মীর আলম (৪৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরুস মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার নয়জন হলেন—মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফরাজিকান্দি এলাকার মো. খোকন (২১), সোনারগাঁয়ের বশুরবাগ এলাকার মেহেদী হাসান মুন্না (২৭), দত্তপাড়া চৌদানা এলাকার মো. ওসমান গণি (৪৫), চেঙ্গাকান্দি এলাকার আবুল বাদশা (৫৭), হামছাদী কাঞ্চনপুর এলাকার মো. আব্দুর রহিম (৫০), কোম্পানীগঞ্জ এলাকার মো. ইমরান (২৬), মামরকপুর এলাকার মো. গাজী বিল্লাল (৪০), একই এলাকার রাকিব ওরফে সজীব (২৬) এবং আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকার মো. সাকিল (২৪)।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় বরগুনার তালতলী এলাকার জয়নাল আবেদীন (৩১), চুরি মামলায় সোনারগাঁয়ের গোয়ালদী এলাকার জাহিদ হাসান বাপ্পী (২৮) এবং হত্যা মামলায় ভোলার দৌলতখান এলাকার মো. মান্নান (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতি মামলায় গ্রেপ্তার দুজন হলেন সোনারগাঁয়ের ঝাউচর এলাকার মো. সাকিব (২৩) ও চাঁদপুরের মতলব উত্তর এলাকার সিফাতুল ইসলাম জনি (২২)।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মহজমপুর কাজীপাড়া এলাকার কাজী সেলিম, পানাম গাবতলী এলাকার ছানাউল্লাহ (৫১) এবং গোহাট্টা এলাকার মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত