আইটি কোম্পানির আড়ালে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, লাইভ লোকেশন, কললিস্টসহ ব্যক্তিগত তথ্য কেনাবেচার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে ফজলে রাব্বি খান (২৭) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি-২ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ফজলে রাব্বি খান কদমতলী থানার মেরাজনগর বি ব্লকের বাসিন্দা মোক্তার আহমেদের ছেলে। তিনি অনলাইনে ‘টেক ডিফেন্ডারস হাব’ (Tech Defenders Hub) নামে একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন বলে জানা গেছে।
এসআরবির দাবি, প্রতিষ্ঠানটির মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক কোর্স বিক্রি করা হলেও এর আড়ালে রাব্বি নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া বিভিন্ন নারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয় দেখিয়ে তাঁদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসআরবি-২-এর কমান্ড অফিসার নয়মুল হাসান বলেন, অনলাইনে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে এসআরবি কাজ করছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাব্বিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত