সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল মামুন হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ওই গোডাউনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর তদন্তের মাধ্যমে তা নির্ণয় করা হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত