বিদ্যুতের চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে লক্ষী কোল্ডস্টোরেজে স্থাপিত এই সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল হক।
আয়োজকেরা জানান, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার ইমরান কবির, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার এবং লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেডের সহকারী পরিচালক মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে মফিজুল ইসলাম বলেন, ৩২২ কিলোওয়াট ক্ষমতার এই সৌরবিদ্যুৎকেন্দ্র চালুর ফলে প্রতিষ্ঠানটি নিজেদের বিদ্যুতের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে। এ ছাড়া উৎপাদন মৌসুমের বাইরে (অফ-সিজনে) উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে। এতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।
সৌরবিদ্যুতের এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত