দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৮২ জনে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন করে রয়েছেন।
একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ৪০৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪, বরিশাল বিভাগে ২১৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৫, খুলনা বিভাগে ১৮৪, রাজশাহী বিভাগে ১৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২, রংপুর বিভাগে ৭৫, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং সিলেট বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের ৬২.২ শতাংশ পুরুষ এবং ৩৭.৮ শতাংশ নারী। তবে মৃত্যুহারে এগিয়ে নারীরা। মারা যাওয়া ২৯৯ জনের ৫১.৯ শতাংশ নারী এবং ৪৮.১ শতাংশ পুরুষ।
প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৭ জন।
চলতি বছর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন আক্রান্ত এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন, আর মারা গেছেন ৫৪ জন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত