নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ১১ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি ১১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসায় বিনা মূল্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত