দেশজুড়ে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হাম উপসর্গ দেখা গেছে ৯৫৫ শিশুর মধ্যে, আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৬ শিশু।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন (শিশু ও প্রাপ্তবয়স্ক)। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩২৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটটি শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মারা গেছে ১০৪ জন, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে শিশুসহ ১০৫১ জন। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১৫৫ জনে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪১৮ জন)। এরপর রয়েছে চট্টগ্রাম (২০৫ জন) ও সিলেট (১০৪ জন)। এ ছাড়া বরিশালে ৮৩, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৪২, রংপুরে ৩০ এবং রাজশাহীতে ১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।
এর আগে গত ৪ ও ২৫ মে একদিনে ১৭ শিশুর এবং ২৪ মে একদিনে ১৬ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ২৩ সেপ্টেম্বর একদিনে ১১ জনের মৃত্যুর খবর আসে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত