প্রতিষ্ঠার ১৮ বছর পার হলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসন সংকটের সমাধান হয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও আবাসিক হলে থাকার সুযোগ পাচ্ছেন মাত্র ৮২৪ জন। ফলে বেশির ভাগ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেস ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে বাড়তি ভাড়া, আর্থিক চাপ ও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আবাসনের জন্য মোট চারটি হল থাকলেও এর মধ্যে ১০ তলা বিশিষ্ট খালেদা জিয়া ছাত্রী হলটি এখনো নির্মাণাধীন। চালু থাকা তিনটি হলের দুটি ছাত্রদের ও একটি ছাত্রীদের জন্য।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়-২৪ হলে ২৪০টি, শহিদ মুখতার ইলাহী হলে ২৪০টি এবং শহীদ ফেলানী হলে ৩৪৪টি আসন রয়েছে। তিন হল মিলিয়ে মোট আসন ৮২৪টি, যা শিক্ষার্থীসংখ্যার তুলনায় অত্যন্ত কম। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসিক সুবিধার বাইরে রয়ে গেছেন।
হলে সিট না পেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশের মেস ও বাসাবাড়িতে থাকছেন। তাঁদের অভিযোগ, বাড়তি ভাড়ার কারণে পড়াশোনার খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। পাবনাসহ দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের ওপর এই চাপ আরও বেশি। শিক্ষার্থীদের দাবি, সংকটের সুযোগ নিয়ে মেস ও বাসাবাড়ির মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছেন।
পাবনা থেকে আসা শিক্ষার্থী ইনজামাম আরাফিন বলেন, হলের পাশাপাশি ক্লাসরুমেরও সংকট রয়েছে। এ কারণে বেশি টাকা খরচ করে মেসে থাকতে হচ্ছে। ছয় মাসের সেমিস্টার শেষ করতে তাঁদের আট থেকে নয় মাস লেগে যাচ্ছে, যা তাঁদের হতাশায় ফেলছে।
শিক্ষার্থীদের ভাষ্য, সেমিস্টার শেষ হতে বাড়তি সময় লাগায় থাকা-খাওয়ার খরচও বাড়ছে। অনেককেই তাই পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিতে হচ্ছে। একই সঙ্গে মেসভাড়া বৃদ্ধির কারণে আর্থিক চাপ আরও বাড়ছে।
আবাসন ও একাডেমিক অবকাঠামোর সংকট কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু উন্নয়নকাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ১০ তলা বিশিষ্ট খালেদা জিয়া ছাত্রী হলের নির্মাণকাজ। এ ছাড়া দ্বিতীয় একাডেমিক ভবন নির্মাণ এবং হেয়াত মামুদ ভবনকে চারতলা থেকে ছয়তলায় উন্নীত করার কাজও চলছে।
তবে এসব কাজ শেষ হলে আবাসন ও শ্রেণিকক্ষের চাহিদা কতটা মিটবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা রয়েছে। তাঁদের প্রত্যাশা, দ্রুত আবাসন সংকট নিরসন, মেসভাড়ার চাপ কমানো এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত