কুড়িগ্রাম সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সরদার আলী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় তাঁদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ১২টার দিকে শোভনকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাঁকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে জানা গেছে।
এ অবস্থায় তাঁকে নিতে বগুড়ার ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে শোভন ঘরের ভেতরে ছুরি দিয়ে তাঁর মা পারুল বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় স্ত্রীকে বাঁচাতে সরদার আলী এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত