বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের অবরোধের কারণে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যানজটে আটকে অনেকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।
আন্দোলনকারী শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ এবং অন্যান্য মজুরি বাড়াতে হবে।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় বারবার সড়কে নেমে আন্দোলন করতে হচ্ছে।
এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার সকালে শুরু হওয়া অবরোধের কারণে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার আবারও তাঁরা সড়কে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
তিনি সংবাদমাধ্যম সমকালকে বলেন, বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে পোশাকশ্রমিকেরা আবার আন্দোলনে নেমেছেন। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত