কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিনজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় মাদক পরিবহন ও সংশ্লিষ্ট অপরাধে ব্যবহারের অভিযোগে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।
এরপর একই এলাকায় ১৭ অক্টোবর ভোরে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল পৃথক অভিযান চালায়। এ সময় আরও ১৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুনায়েদ (২২), কবির হোসেন (২৩) ও মোহাম্মদ বেলাল (২০)। জুনায়েদ কক্সবাজারের ক্যাম্প-৮ ডব্লিউ-এর এস/৫২ ব্লকের মো. দলিল আহমদের ছেলে। কবির হোসেনের বাবার নাম মৃত মোহাম্মদ হোসেন। আর বেলাল ক্যাম্প-২-এর এ১ ব্লকের শফিকের ছেলে।
এসআরবি-১৫ জানায়, পৃথক দুই অভিযানে মোট ২৮ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁদের এবং উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত