ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দা, মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্থানীয় সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় এসব মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে আসনটির ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন শফিকুর রহমান। এ ছাড়া বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
একই দিন ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতার সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শফিকুর রহমান। এ সময় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
মতবিনিময় সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত