ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সৌদি আরব যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের সৌদিগামী মোট ১১৪টি ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি। ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরব যেতে পারেননি।
বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার পাঁচটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, হুতিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইটগুলোর যাত্রা বাতিল করা হয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। বিশেষ করে যাঁরা নির্ধারিত সময়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের নতুন করে যাত্রার সময় নির্ধারণ নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত