চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক বৈঠক হবে।
শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা হবে। মূলত চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই তারিখ নির্ধারণ করা হচ্ছে।
এর আগে ফল প্রকাশের সম্ভাব্য সময় ধরা হয়েছিল নভেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের (১ থেকে ১৫ নভেম্বর) মধ্যে। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ হওয়ায় সময়টা কিছুটা এগিয়ে আনা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।
গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। মূল পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও পূর্বাঞ্চলের বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে সহজেই ফল জানতে পারবেন।
অনলাইনে: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-তে গিয়ে ‘Result’ অপশন থেকে পরীক্ষার নাম, বছর, নিজ শিক্ষা বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে মার্কশিটসহ ফল দেখা ও ডাউনলোড করা যাবে।
এসএমএসে: যেকোনো মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে- HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩টি ইংরেজি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের ক্ষেত্রে লিখুন- HSC DHA 123456 2026 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত