নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল ও খয়রাতনগর রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ৯টার দিকে দারোয়ানি টেক্সটাইল রেলস্টেশন এলাকায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।
অবরোধের কারণে রকেট মেইল ট্রেনটি দারোয়ানি টেক্সটাইল এলাকায় আটকা পড়ে। একই সঙ্গে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেসও নীলফামারী রেলস্টেশনে আটকে থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাত্রাবিরতির ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন দুটিতে নিয়মিত ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাঁদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়ছেন। পণ্য পরিবহনের জন্য ব্যবসায়ীদের অন্য স্টেশনে যেতে হওয়ায় বাড়তি খরচও গুনতে হচ্ছে।
অবরোধকারীরা জানান, দারোয়ানি টেক্সটাইল ও উত্তরা ইপিজেড এলাকা নীলফামারীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, যেখানে বিভিন্ন কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদের পাশাপাশি আশপাশের ইউনিয়নের বাসিন্দারাও যাতায়াতের জন্য রেলপথের ওপর নির্ভরশীল। কিন্তু কাছের স্টেশনগুলোতে ট্রেন না থামায় তাঁদের অন্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রেলওয়ের স্টেশনমাস্টার। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাত্রাবিরতির ব্যবস্থা করার আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নেন।
ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্টেশন দুটিতে কোন কোন ট্রেনের যাত্রাবিরতি দেওয়া সম্ভব, তা বিবেচনা করা হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত