সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন আইন সংশোধনের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, আইনগুলোকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংশ্লিষ্ট অংশীজন, টিভি চ্যানেলের মালিক এবং পত্রিকার সম্পাদকদের সঙ্গে আলোচনা চলছে।
বুধবার রাতে নিজ নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, একটি টেকসই নীতিমালা তৈরি করাই সরকারের লক্ষ্য, যেখানে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পাবেন। আইন সংশোধনের কাজ চলমান আছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ পরিবর্তন দেখা যাবে।
পরিদর্শনকালে ভোলা সদরের ২৯টি মণ্ডপে মোট ২৯ লাখ টাকা ব্যক্তিগত অনুদান দেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ ও সার্কুলার রোড পূজামণ্ডপসহ মোট ৯টি মন্দির ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
নিরাপত্তা ও সম্প্রীতি
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করছেন। হিন্দু-মুসলমানসহ দেশের সব নাগরিক পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে তিনি আরও বলেন, এবার ভোলার কোথাও নিরাপত্তাজনিত শঙ্কা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু সাংবাদিক নয়, কোনো পেশাজীবীর ক্ষেত্রেই রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার হবে।
ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে জানান, তথ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের কঠোর তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় নিরাপত্তার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পেরেছেন। সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখায় তিনি জেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত