নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বড়াইগ্রামের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত ১২ জন আহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল।
উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর বনপাড়া-পাবনা মহাসড়কে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত