রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে স্থানীয় দুটি সংগঠনের অবরোধ কর্মসূচি চলমান থাকায় রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ বুকিং বাতিলের হিড়িক পড়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় রিসোর্ট ও কটেজ ব্যবসায়ীরা।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির তথ্যমতে, সাজেকে ছোট-বড় প্রায় ১২০টি রিসোর্ট ও কটেজ রয়েছে, যেখানে একসঙ্গে তিন হাজারের বেশি পর্যটকের থাকার ব্যবস্থা আছে।
এর আগে দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। পাশাপাশি প্রশাসনও সাজেক ভ্রমণে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর সেখানে পর্যটকদের বড় ভিড় দেখা যায়। তবে বৃহস্পতিবার থেকে ফের অবরোধ শুরু হওয়ায় আগের বুকিংগুলো বাতিল হতে থাকে।
সাজেক রুইলুই হলিডে রিসোর্টের স্বত্বাধিকারী মিশু দে জানান, দুর্গাপূজার আগে থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তাঁদের রিসোর্টের শতভাগ কক্ষ বুকিং ছিল। বৃহস্পতিবার থেকে অবরোধ ও সংঘর্ষের ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাকি বুকিংও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, “সাজেক এখন পর্যটকশূন্য। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর প্রহরায় সব পর্যটককে নিরাপদে নিয়ে যাওয়ার পর থেকে সেখানে আর কোনো পর্যটক নেই।” তিনি আরও জানান, অনেক রিসোর্টে ৩০ অক্টোবর পর্যন্ত বুকিং ছিল, যা অবরোধ ও অস্থিরতার কারণে বাতিল হচ্ছে। এভাবে চলতে থাকলে সাজেকের পর্যটন খাতে বড় ধস নামতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।
এদিকে তিন দফা দাবিতে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর ও ১৪ কিলোসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধকারীদের কর্মসূচি অব্যাহত থাকায় যান চলাচল বন্ধ রয়েছে, তবে সাজেকের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের অভিযান চলমান রয়েছে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানান, সকালে সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করা হয়েছে এবং তাঁদের কর্মসূচি চলমান থাকবে।
অন্যদিকে, সাজেকের উজোবাজারে আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে পাহাড়িদের সংগঠন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমার পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে পরিষদের সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ অবরোধ চলবে। তবে অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত