নাটোরের নলডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামের এক নারী নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটিসহ চালককে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বেলা আনুমানিক ১২টার দিকে গেদি বেগম অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ সংলগ্ন মো. ওমিদুল শেখের স মিলের উত্তর পাশে নলডাঙ্গা-পাটুল পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা মরদেহ এবং দুর্ঘটনাকবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটক চালক মো. কাইসার (৩৭) নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গুদামে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত