ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পৌরসভাকে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। পাশাপাশি জেলার প্রতিটি হাটবাজার, সড়কের পাশ ও বাঁধের ঝোপঝাড়সহ সব জঙ্গল পরিষ্কারে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএমডিএ ও সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের কাজ করার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে 'চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা এবং জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা'য় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, "এ দেশ আমাদের সবার। রাষ্ট্র আমাদের কী দিচ্ছে, সেদিকেই আমরা তাকিয়ে থাকি; অথচ রাষ্ট্রকেও যে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, সেটি আমরা ভাবি না।" তাই নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ছোট ছোট কাজের জন্য বাজেট কোনো সমস্যা নয়। কর্মকর্তারা নিজ উদ্যোগেই এসব কাজ করতে পারেন, প্রয়োজন শুধু সদিচ্ছা।
উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রতিটি হাটবাজারে সোলার বিদ্যুতের ব্যবস্থা নিয়েছে। সোলার প্যানেল স্থাপন করলে বিদ্যুতের ঘাটতি কমবে বলে আশা করা যায়। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। হাটবাজার পরিষ্কার রাখার দায়িত্ব ইজারাদারদের উল্লেখ করে তাঁদের মাধ্যমেই তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এ ছাড়া অপরাধ দমনে প্রতিটি হাটবাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার কথাও বলেন।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরও বলেন, মাদক প্রতিরোধে ব্যাপকভাবে খেলাধুলার আয়োজন করা হচ্ছে। তাঁর ভাষ্য, সরকার সারা দেশের মানুষের সরকার এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক যেন সব সুবিধা পান, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। বড় প্রকল্পের পাশাপাশি গ্রামীণ উন্নয়নও অব্যাহত থাকবে। জনগণ রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা রাখতে হবে।
ডেঙ্গু প্রসঙ্গে প্রতিমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, শুধু কর্মসূচি পালন করলেই হবে না; স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খাল খনন প্রকল্পের বিষয়ে তিনি জানান, বাদ পড়া সব খাল খনন করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের নির্দেশ দেন তিনি।
সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো, মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করা এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ধরে রাখতে ও জনসেবার মান বাড়াতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি, প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক চিত্র তুলে ধরেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, জেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক শুকলাল বৈদ্য এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ।এ ছাড়া জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত