কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার খালেদা বেগম কক্সবাজারের রামু থানার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কাদের হোছন এবং মায়ের নাম খতিজা বেগম। তাঁর বিরুদ্ধে মাদক কারবার ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রাতে রামুর কচ্ছপিয়া এলাকায় কয়েকজনের মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানের খবর পায় অভিযানকারী দল। ওই তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় জেবর মল্লিকের চাষের জমিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দলটি।
পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, চাষের জমির দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশের সাঁকোসংলগ্ন একটি নালার পানির নিচে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত