বাঁশপাতা দিয়ে পরিবেশবান্ধব চা তৈরির উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষার্থী। এ অর্জনের স্বীকৃতি হিসেবে তাদের উদ্যোগ বাস্তবায়নে এক লাখ টাকার ফান্ড দেওয়া হবে।
বিজয়ী দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদ ও আজিজ। যৌথভাবে তারা বাঁশপাতাকে কাজে লাগিয়ে বিকল্প ও পরিবেশবান্ধব চা উৎপাদনের ধারণা তুলে ধরেন।
জানা গেছে, বাঁশপাতার সম্ভাবনাময় ব্যবহার এবং পরিবেশবান্ধব পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা ভেবে এই উদ্যোগের পরিকল্পনা করেন মাহিদ। পরে সহপাঠী আজিজকে নিয়ে তিনি প্রতিযোগিতায় আবেদন করেন। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হওয়ার পর তারা বুটক্যাম্পে অংশ নেন। চূড়ান্ত পর্বে নিজেদের ধারণা উপস্থাপন করে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম হন তারা।
বিজয়ী শিক্ষার্থীরা জানান, প্রতিযোগিতার বিচারক প্যানেলে ইউনিলিভার, গ্রিন ভয়েস, দ্য আর্থ সোসাইটি ও ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা ছিলেন।
উদ্যোগ নিয়ে মাহিদ বলেন, হঠাৎ করেই তাদের মাথায় আসে, বাংলাদেশে বাঁশপাতার চা নিয়ে কাজ করা যায় কি না। বিশ্বজুড়ে এ ধরনের সম্ভাবনাময় পণ্যের বাজার আছে। সেই ভাবনা থেকেই আজিজকে সঙ্গে নিয়ে তিনি আবেদন করেন। পরে নির্বাচিত হয়ে বুটক্যাম্পে অংশ নেন এবং শেষ পর্যন্ত প্রথম স্থান অর্জন করেন।
তিনি আরও বলেন, বাঁশপাতা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এতে সিলিকা, পটাশিয়ামসহ বিভিন্ন উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তারা পরিবেশবান্ধব একটি চা বাজারে আনতে চান।
উদ্যোক্তাদের দাবি, স্বাস্থ্যসচেতন ভোক্তাদের জন্য বাঁশপাতার চা একটি সম্ভাবনাময় বিকল্প পানীয় হতে পারে। তবে এর পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং বাণিজ্যিক উৎপাদনের উপযোগিতা নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
জাতীয় পর্যায়ে প্রথম হওয়া এবং এক লাখ টাকার ফান্ড পাওয়াকে নিজেদের উদ্যোগ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন মাহিদ ও আজিজ। তাদের প্রত্যাশা, যথাযথ গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে বাঁশপাতার মতো সহজলভ্য প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়ে দেশে নতুন ধরনের পরিবেশবান্ধব পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত