রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ইকরচালী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত