চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশে। গত ১৫ বছরের মধ্যে এটাই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।
গত বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থী ছিলেন ৯৯ হাজার ৮৭৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ১৬৬ জন।
ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে চট্টগ্রাম নগরে পাসের হার সবচেয়ে বেশি, ৬৬ দশমিক ২০ শতাংশ। নগরসহ পুরো চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ৪২ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪, বান্দরবানে ৪১ দশমিক ৪২, রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩১ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গত ১৫ বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ। ওই বছর দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়।
এরপর ২০২০ সালে করোনাকালে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে বোর্ডের সব পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ২০২১ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৪ শতাংশ। পরবর্তী বছরগুলোতে পাসের হার ধারাবাহিকভাবে কমেছে।
২০২২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮ শতাংশ, ২০২৩ সালে ৭৪ শতাংশ, ২০২৪ সালে ৭০ দশমিক ৪ শতাংশ এবং ২০২৫ সালে ৫২ দশমিক ৫৭ শতাংশ। এবার তা আরও কমে ৫২ দশমিক ০৭ শতাংশে নেমেছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত