ইসরাইলে ইহুদি ও আরবদের অংশগ্রহণে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার মানুষ। তেল আবিবের রবিন স্কয়ারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজনৈতিক পরিবর্তন ও সবার জন্য সমতার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি হাবিমা স্কয়ার থেকে শুরু হয়ে ইবন গাবিরোল প্রধান সড়ক দিয়ে রবিন স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ড্রাম বাজিয়ে পদযাত্রা করেন। তাঁদের হাতে ছিল ‘পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’ লেখা বিভিন্ন ব্যানার ও পোস্টার।
এ সময় হিব্রু ভাষায় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘অংশীদারিত্ব ও সমতার শক্তিতে, আমরা এই সরকার পরিবর্তন করছি।’ অন্য একটি দল আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক বিচার’ স্লোগান তোলে।
এর আগে জেরুসালেমের প্যারিস স্কয়ারেও একই দাবিতে তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য অনুষ্ঠিত ইসরাইলি পার্লামেন্ট নির্বাচনে কোনো একক দল বা জোট সরকার গঠনের মতো আসন পায়নি। নির্বাচনে ফিলিস্তিনি আরবদের দুটি দল মিলিয়ে ১৯টি আসন পেয়েছে।
এসব দলের সমর্থন পেলে সরকার গঠনের সমীকরণে পরিবর্তন আসতে পারে। এ প্রেক্ষাপটে ইহুদি ও আরবদের অংশগ্রহণে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত