ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিএসসি, ময়মনসিংহ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ইয়াছিন আরাফাত (২৫), পাপ্পু সরকার (২৯) ও মো. রুস্তম আলী পলাশ (২৭)। তাঁরা তিনজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর দিবাগত রাত থেকে ৩০ অক্টোবর ভোররাত পর্যন্ত অভিযান চালানো হয়। ৩০ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ রেলওয়ে জংশনের বলাকা কম্পিউটার গেটের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ১২ থেকে ১৩ জনের একটি দল পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। বাকি ৮ থেকে ৯ জন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের তল্লাশি করে একটি ১৩ ইঞ্চি ধারালো বড় চাকু, একটি ৯ ইঞ্চি সুইচ গিয়ার চাকু, একটি ছোট ধারালো চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিল।
আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত