ফেসবুক লাইভে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।
রোববার (১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএজে নেতারা বলেন, প্রকাশ্যে ভিডিওতে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ছিঁড়ে ফেলা শুধু পত্রিকাটির প্রতি অবজ্ঞা নয়, বরং মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাতের শামিল।
তাঁরা বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তথ্য ও যুক্তির মাধ্যমে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। এ ছাড়া প্রেস কাউন্সিলে অভিযোগ করা বা আইনি প্রতিকার চাওয়ার পথও খোলা রয়েছে। কিন্তু এসব প্রক্রিয়া অনুসরণ না করে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে হুমকিমূলক বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ হতে পারে না।
বিএজে নেতারা আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত করে এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদপত্র ছিঁড়ে ফেলা গেলেও সত্য প্রকাশের আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও সমালোচনার জবাব অবজ্ঞা বা বলপ্রয়োগের মাধ্যমে নয়, বরং যুক্তি ও সত্য দিয়ে দেওয়া উচিত।
এ ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএজে। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত