এক হার ও এক ড্রয়ের পর জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে দলকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
রোববার (১ নভেম্বর) ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে আক্রমণ বাড়ায় মায়ামি।
৬৯ মিনিটে মেসির সহায়তায় সমতায় ফেরে সফরকারীরা। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পান মেসি। গোলমুখ থেকে কিছুটা দূরে পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বল বাড়িয়ে দেন ডান পাশে থাকা জার্মান বেরতেরামের উদ্দেশে। পেছন থেকে ছুটে এসে হেডে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।
এরপর জয়সূচক গোলের জন্য আরও ১৪ মিনিট অপেক্ষা করতে হয় মায়ামিকে। ৮৩ মিনিটে রদ্রিগো দি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বল নিয়ে এগিয়ে যান মেসি। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা কাটিয়ে ড্রিবলিংয়ে জায়গা তৈরি করেন তিনি। এরপর বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন মেসি।
মেসির এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে ৯৩৭তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এর মধ্যে ওপেন প্লে থেকে তাঁর গোল ৮২২টি, যা ফুটবলে সর্বোচ্চ।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।
নিয়মিত মৌসুমে দলগুলোর বাকি আর একটি করে ম্যাচ। শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত