মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (৪৫) নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার আমির হোসেন শরীয়তপুরের ডামুড্যা থানার ধইন গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এসআরবি-১০-এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল উপজেলার ফইনপুর এলাকায় অভিযান চালায়। এ সময় গোয়ালিমান্দ্রা থেকে ফইনপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়।
তল্লাশির সময় অটোরিকশার চালক আমির হোসেনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
তপন সরকার জানান, আমির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত