উপস্থাপনাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তাঁর ভাষায়, ‘মৌসুমী মৌ’ পরিচয়ের সঙ্গে উপস্থাপনা জড়িয়ে আছে। উপস্থাপনার পাশাপাশি অভিনয়, মূকাভিনয় এবং বিভিন্ন টেলিভিশন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বর্তমানে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম আসর উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। নতুন অনুষ্ঠান, অভিনয় ও মূকাভিনয় নিয়ে তাঁর ভাবনা এবং ব্যস্ততার নানা দিক উঠে এসেছে এক সাক্ষাৎকারে। তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
বাংলাবিদ উপস্থাপনায় আনন্দ
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম আসর উপস্থাপনা করতে পেরে আনন্দিত মৌসুমী মৌ। তিনি বলেন, বাংলাবিদ অনেক বড় আয়োজন। প্রতিবারই নতুন প্রতিযোগীরা আসে। তাদের মেধা ও সৃজনশীলতা দেখে মুগ্ধ হন তিনি। শিশু-কিশোরদের বাংলা ভাষার প্রতি আগ্রহ তৈরি করার এমন উদ্যোগকে প্রশংসনীয় বলেও মনে করেন এই উপস্থাপক।
অভিনেতা মনোজ প্রামাণিকের সঙ্গে উপস্থাপনার অভিজ্ঞতাও দারুণ বলে জানান মৌ। তাঁর সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় উপস্থাপনায় স্বতঃস্ফূর্ততা আসে। সহশিল্পীর সঙ্গে এমন সমন্বয় কাজকে উপভোগ্য করে তোলে। অনুষ্ঠানটি নিয়ে দর্শকের কাছ থেকেও সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
দুই ভিন্ন আয়োজন, নতুন অভিজ্ঞতা
‘কনকা সেরা পরিবার’ ও ‘আজকের অনন্যা’—দুটি ভিন্ন ধরনের আয়োজন উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। তাঁর মতে, কনকা সেরা পরিবারে পরিবারগুলোর গল্প, সম্পর্ক ও প্রতিভার নানা দিক উঠে আসে। অন্যদিকে, ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানে নারীদের প্রতিভা তুলে ধরা হচ্ছে।
দুটি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ হচ্ছে বলে জানান তিনি। এবার টানা চতুর্থ সিজনে ‘কনকা সেরা পরিবার’ উপস্থাপনা করবেন মৌ। আগামী ২২ নভেম্বর থেকে অনুষ্ঠানটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
উপস্থাপনায় আসা ছিল কল্পনার বাইরে
উপস্থাপনা দিয়ে এত জনপ্রিয়তা পাবেন, ছোটবেলায় কখনো ভাবেননি মৌসুমী মৌ। স্কুলজীবনে বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় অংশ নিতেন। তবে উপস্থাপক হওয়ার পরিকল্পনা ছিল না তাঁর। থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার পর উপস্থাপনায় আসেন। পরে বড় পরিসরে কাজের সুযোগ তৈরি হয়।
উপস্থাপনা ও অভিনয়ের মধ্যে কোনটিকে বেশি স্বাচ্ছন্দ্যের মনে করেন—এমন প্রশ্নে মৌ বলেন, উপস্থাপনা তাঁর জীবন। তাই উপস্থাপক পরিচয়কেই বড় করে দেখেন তিনি। তাঁর কথায়, ‘মৌসুমী মৌ মানেই উপস্থাপনা।’ এই পরিচয়ের মাধ্যমেই মানুষ তাঁকে চিনেছেন। অন্যদিকে, অভিনয় তাঁর প্যাশনের জায়গা।
পছন্দের গল্প ও চরিত্রের অপেক্ষা
সর্বশেষ ‘চক্র-২’ সিরিজে দেখা গেছে মৌসুমী মৌকে। ওয়েব মাধ্যমে তাঁকে তুলনামূলক কম দেখা যাওয়ার কারণ হিসেবে ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়ার কথা জানান তিনি।
মৌ বলেন, ওয়েব মাধ্যমে কাজের সুযোগ অনেক। তবে নিজের সঙ্গে যায়—এমন চরিত্র খুঁজছেন। পছন্দের কাজ পেলে নিয়মিত ওয়েব মাধ্যমে দেখা যাবে বলেও জানান তিনি।
মূকাভিনয়ের প্রাতিষ্ঠানিক চর্চা চান
মূকাভিনয়কে নিজের শিল্পীজীবনের আবেগের জায়গা বলে মনে করেন মৌসুমী মৌ। এ শিল্পের জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে নারীদের আরও বেশি মূকাভিনয় শেখা উচিত। প্রাতিষ্ঠানিকভাবে চর্চার সুযোগ তৈরি হলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এ মাধ্যমে এগিয়ে আসবে।
মীর লোকমানের সঙ্গে এক ঘণ্টার একটি ডুয়েট শো করার পরিকল্পনার প্রসঙ্গেও কথা বলেন মৌ। ব্যস্ততার কারণে নিয়মিত মূকাভিনয়ে সময় দিতে পারেন না। তবে এ মাধ্যমে নতুন কিছু করার ইচ্ছা রয়েছে তাঁর। সময় ও সুযোগ হলে আবার মঞ্চে ফিরতে চান এই শিল্পী।
সেরা রাঁধুনী উপস্থাপনায়ও দেখা যাবে
বর্তমানে বাংলাবিদ, কনকা সেরা পরিবারসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। পাশাপাশি অভিনয়ের কাজও চলছে। কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি, যা নিয়ে বছরজুড়েই ব্যস্ততা থাকে।
এবার মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী-সিজন-৯’ উপস্থাপনা করতে যাচ্ছেন মৌ। টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। তাঁর আগে রুমানা মালিক মুনমুন দুইবার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন।
ঈদ সামনে রেখে কয়েকটি কাজের প্রস্তুতিও নিচ্ছেন মৌসুমী মৌ। বিশেষ কিছু আয়োজনে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত