২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ‘ক্রীড়া শিক্ষা’ ও ‘সংস্কৃতি শিক্ষা’ নামে দুটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ দুটি বিষয়ের বই সংযোজন করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের হাতে ২০২৭ সালের নতুন বই তুলে দেওয়া হবে।
বুধবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘পাঠচক্র: আনন্দ পাঠের আসর-২০২৬’ ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ববি হাজ্জাজ।
ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফেরাতে উদ্যোগ
প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আট বছর বয়সী যেসব শিশু এখনো প্রাথমিক শিক্ষায় যুক্ত হতে পারেনি, তাদের জন্য ‘আলো’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিশেষ ব্যবস্থায় ভাষা ও গণিতে প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত