বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ অনলাইন প্রতারণার অভিযোগে করা সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চীনা দূতাবাসের জিম্মায় তাঁদের জামিন দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের আদালত এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মন্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন পাওয়া ছয়জন হলেন—তাইওয়ানের নাগরিক ওয়েই ছিং ওয়েন এবং চীনের নাগরিক সু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, সু হাইয়াং, উ চিয়ানশিয়ং ও ঝাং ঝেমিং।
গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের হোটেল সি প্যালেস থেকে ওই ছয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ, ৫০টি মনিটর, ৪৪টি কম্পিউটার, ৩০টি কিবোর্ড ও ৪০টি মাউসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ ছাড়া চীনের দুটি জাতীয় পতাকা, চীনা পুলিশের ব্যাজ, বিভিন্ন ধরনের ডায়েরি ও যোগাযোগের সরঞ্জামও উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামু থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বুধবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত