জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম ও রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউর আহসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক ছিলেন না; তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর লেখায় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের বাণী ফুটে উঠেছে। নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে। সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানবিক, উদার ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নজরুলের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত