রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের গবেষণা জার্নাল ‘Journal of Life and Earth Sciences’-এর দ্বিতীয় খণ্ড (ভলিউম ২, ডিসেম্বর ২০২৪) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। অনুষদের উদ্যোগে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে এবং নিয়মিত জার্নাল প্রকাশ নিশ্চিত করতে হবে। তাঁর মতে, শুধু অভ্যন্তরীণ প্রকাশনায় সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মান বজায় রেখে মানসম্মত গবেষণা ও কনফারেন্স আয়োজনের মাধ্যমে গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে।
তিস্তা অববাহিকার মানুষের জীবিকা ও পরিবেশগত বৈচিত্র্য নিয়ে গবেষণার বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে উপাচার্য জানান, এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সিফাত রুমানা অনুষদের গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রধান অতিথিসহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত