মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম জাহিদ ও মারুফ হোসেনকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক না রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এ হত্যাকাণ্ড ও স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার দুই নেতাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, লুট হওয়া স্বর্ণের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে গুলি করে শাকের হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযুক্তরা তথ্য দিয়েছেন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শাকের হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় পৌনে ছয়টি স্বর্ণের বার এবং স্বর্ণ লুটে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। স্বর্ণ ভাগাভাগিকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে জড়িত থাকার অভিযোগে গোলাম জাহিদকে মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, তৌকির জুয়েল, মিল্টন, মিল্টনের স্ত্রী মারুফা, ফরিদ মন্ডল ও বশিরসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে কয়েকজন আসামি স্বর্ণ লুটের ঘটনায় নিহত শাকের হোসেনসহ নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। অন্যদিকে হত্যা মামলায় রনি শিকদার, শামীম তাবাসসুম লুবনা, ঝিনাইদহের স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, জাহিদ ও বশিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সকালে মাগুরা বাস টার্মিনালে রয়েল পরিবহনের একটি কাউন্টারের ভেতর থেকে শাকের হোসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে তদন্তে স্বর্ণ লুটের ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র সামনে আসে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত