গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে শ্রমিকদের দাবির আড়ালে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গার্মেন্টসের বিভিন্ন কারখানায় গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর, শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা ও গাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। তবে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত গার্মেন্টস শিল্পকে কোনোভাবেই ধ্বংস হতে দেবে না বলে জানান তিনি।
তিনি বলেন, গার্মেন্টস শিল্পে লাখ লাখ নারী-পুরুষ কাজ করছেন এবং এই শিল্পে তাঁদের কর্মসংস্থান হয়েছে। কোনো শ্রমজীবী মানুষ কখনো শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পথসভায় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি নিয়ে কিছু দাবি আছে, যা সরকার জানে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে শ্রমিকেরা ভালো থাকতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মহল গত ১৫-১৬ বছরেও দেশের মানুষের ভাগ্য বদলাতে পারেনি। তাঁর অভিযোগ, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল। গণঅভ্যুত্থানের মুখে যাঁরা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, তাঁরা এখন সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত