নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খড়পাড়া এলাকায় একটি পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম ওই গ্রামের মরহুম জসমত আলীর ছেলে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তাঁর বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান। এ সময় শহিদুল ইসলাম পাখি শিকারে বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সজিব তাঁর হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতা চালানো হলেও অনেকে গোপনে পাখি শিকার করছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত এয়ারগান জব্দ ও আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিলের পাখি রক্ষায় প্রশাসন সব সময় তৎপর রয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত