সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী পাঠাচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) থেকে এ জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।
বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। কর্মীদের সপ্তাহে ছয় দিন, দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এর বাইরে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করা যাবে। আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
প্রথম ধাপে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষা নিয়ে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল স্পষ্ট করেছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ খরচ করতে হবে না। তাই কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ান, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত