জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারবেন যানবাহনের চালকেরা। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দিবসটি উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট এই ছয় ঘণ্টা কোনো টোল দিতে হবে না।
দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের ক্ষেত্রেও প্রযোজ্য।
এ-সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি থাকবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন-সংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে প্রতিবছর নিয়ম মেনে ৭ নভেম্বর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
উপজেলা পরিষদ মার্কেট, (২য় তলা) রুম নং-২৩, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ ৬৩০০
২০২৫ © দৈনিক অধিকার কতৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত